ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৬:১৭

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে রাসেল রানা (১৫) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম ভোপলা গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মর্তুজা। 

রাসেল রানা ভোপলা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। 

পরিবারের বরাত দিয়ে ওসি (তদন্ত) গোলাম মর্তুজা জানান, সেহেরির পর থেকেই ওই স্কুলছাত্রকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। এরপরে সকালে একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখে থানায় খবর দেয় তারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


ইত্তেফাক/ইউবি