ভোলায় করোনায় আক্রান্ত শিশু, বাজার-বাড়ি লকডাউন

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৭:৩৩

করোনা প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারসহ ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জেলায় এই প্রথম একটি কন্যা শিশু করোনা আক্রান্ত হয়। 

এরপর শনি ও শুক্রবার দুই দিনে ওই শিশুটির বাসস্থান কাচিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার সংলগ্ন গ্যাস ফিল্ড রোডের পণ্ডিত বাড়ি, আশপাশের ৫টি বাড়ি, বোরহানগঞ্জ বাজার তার স্বজনদের বাড়িসহ ৩০টি বাড়ি লকডাউন করা হয়। উপজেলা প্রশাসন, ভোলা নৌকন্ডিনজেন্ট ও থানা পুলিশ ওই সমস্ত বাড়িগুলো মনিটরিং করছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ সূত্রে জানা যায়, লকডাউনকৃত এলাকায় গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে।

ওই শিশুটির বাড়ির লোকজন জানান, আক্রান্ত শিশুটি স্বাভাবিক শিশুদের মতো খেলাধুলা করছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি মো. বশির গাজী জানান, লকডাউনকৃত বাড়ির বাইরে লোকজন পাহারায় থাকবে। বাড়ির লোকজনের প্রয়োজনীয় পণ্য ওরা সরবরাহ করবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তপতী চৌধুরী বলেন, করোনা পজিটিভ শিশুটি বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছে। ৩-৪ দিন পরে ওই শিশুর নমুনা পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে।  

ইত্তেফাক/জেডএইচ