সৈয়দপুরে রবিদাস সম্প্রদায়ের চরম দুর্দিন

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:২৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

মহামারি করোনা পরিস্থিতিতে সৈয়দপুরে রবিদাস সম্প্রদায়ের কর্মহীন পরিবারগুলো চরম আর্থিক ও খাদ্য সংকটে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রায় দেড় শত রবিদাস (মুচি) পরিবার রয়েছে।

মানিক দাস জানান, বংশ পরম্পরায় এই পেশায় আছেন। সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের পাশে বসে জুতা-স্যান্ডেল সেলাইয়ের কাজ করেন। আগে রেলওয়ে লাইন ঘেঁষে অস্থায়ী দোকান বসিয়ে সারা দিন কাজ করে ১০০-৩০০ টাকা পর্যন্ত আয় হতো। কিন্তু কর্মহীন হওয়ায় পরিবারের সদস্যদের এক বেলা খাবার জুটছে না।

সৈয়দপুরে রবিদাস (চর্মকার) সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নের কাজ করছে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ। প্রতিষ্ঠানটির আঞ্চলিক সমন্বয়কারী মো. মতিউর রহমান মতি বলেন, সরকারের রেশনকার্ড থেকে শুরু করে সকল নাগরিক সেবায় রবিদাস সম্প্রদায়ের শত ভাগ মানুষকে সংযুক্ত করা দরকার। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, উপজেলার রবিদাস সম্প্রদায়ের সবার ত্রাণের তালিকা করা হয়েছে। অতি শিগগির পর্যায়ক্রমে সবাইকে ত্রাণ দেওয়া হবে।