মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চাতলাপুর সড়কের এক আবাসিক হোটেল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল শনিবার বেলা ২টায় তানজিম আবাসিক হোটেলের গোসলখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রুম খোলার পর গোসলখানায় লাশ দেখতে পাওয়া যায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, তানজিম আবাসিক হোটেলের পক্ষ থেকে দুপুরে ফোন পেয়ে ৩য় তলার ২১১ নম্বর কক্ষের গোসলখানায় পড়ে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করে। হোটেল রেজিস্টার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৫) এবং তার ঠিকানা শ্রীমঙ্গল উল্লেখ করা হয়েছে। হোটেল বুক করার সময় বলা হয়েছিল তার এক পরিচিত লোক দেখা করতে আসবে। তিনি ২৫ ডিসেম্বর দুপুরে এ হোটেলে এসেছিলেন। হোটেল মালিক মাহবুবুর রহমান হোটেলের কক্ষগুলির পানির লাইন মেরামত করতে গিয়ে গোসলখানায় লাশটি দেখে পুলিশকে অবহিত করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা যাচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
