রামেক হাসপাতালে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ১৪ জন

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩৭

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের এক জন সংক্রামক ব্যাধি হাসপাতালে, এক জন মিশন হাসপাতাল এবং ১১ জন রামেক হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়েছে। শনিবার রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক জন। বৃহস্পতিবার তাকে বগুড়া হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আর অপর ৩৩ জনের মধ্যে আট জন হাসপাতালের আইসোলেশনে ভর্তি থেকে চিকিত্সা নিচ্ছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিত্সাধীন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য জানান, গতকাল সকাল ৮টা পর্যন্ত রাজশাহী জেলায় আট জন, বগুড়া জেলায় ১৫ জন, জয়পুরহাটে চার জন, পাবনায় দুই জন, সিরাজগঞ্জে দুই জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুই জন ও নওগাঁ জেলায় এক জন রোগী শনাক্ত হয়েছে।

নাটোরে এখনো করোনা রোগী পাওয়া যায়নি। বিভাগে আক্রান্ত এক জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৩৩ জন চিকিত্সাধীন রয়েছেন। চিকিত্সকরা প্রতিদিন দুইবার করে তাদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। সবার শরীরিক অবস্থা উন্নতির দিকে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় ৫৪৯ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন আট জন। বর্তমানে এ বিভাগে ৮ হাজার ১৬৯ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।