করোনায় ডিএসসিসি কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩৮

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম (৬২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার কোভিড-১৯-এর উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর পর করোনা ভাইরাস পজিটিভ আসে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। তিনি জানান, গত শুক্রবার মিল্লাতুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয়। পরে রিপোর্ট আসার আগেই গত শুক্রবার ঢাকার বনানী কবরস্থানে মিল্লাতুল ইসলামকে দাফন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়ার পর ঐ বিভাগের পরামর্শক হিসেবে কাজ করছিলেন তিনি। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। মিল্লাতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, বাংলাদেশ ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) সভাপতি মশিউর রহমান খান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল প্রমুখ।