করোনায় যুক্তরাজ্যে যমজ বোনের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২২:২৪

বিবিসি

যুক্তরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রাণঘাতী কোভিড-১৯ রোগে আক্রান্ত দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। সাউথহ্যাম্পটন জেনারেল হাসপাতালে মঙ্গলবার ৩৭ বছর বয়সি নার্স কেটি ডেভিস মারা যান; একই হাসপাতালে তার যমজ বোন এমাও শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কেটি-এমার বোন জোয়ি ডেভিস বলেছেন, ‘তারা সবসময় বলতো, দুনিয়াতে তারা এসেছে একসঙ্গে, যাবেও একসঙ্গে।’ তিনি জানান, তার যমজ দুই বোন একসঙ্গেই থাকতেন। তাদের অন্য শারিরীক সমস্যা ছিল এবং তারা কিছুদিন অসুস্থও ছিলেন। তারা যে কতটা ঘনিষ্ঠ ছিল, তা ভাষায় প্রকাশ করা যাবে না। সবসময় তারা অন্যদের সাহায্য করতে চাইতো। এমনকি যখন অল্পবয়সি ছিল, তখনও তারা চিকিত্সক আর নার্স সেজে পুতুলের সেবা করতো। তিনি বলেন, তাদের মৃত্যুর বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ সাউথহ্যাম্পটন চিলড্রেন হাসপাতালে কর্মরত কেটি কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। ইউনিভার্সিটি হসপিটাল সাউথহ্যাম্পটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান নির্বাহী পলা হেড বলেন, নার্সিং পেশাটা তার কাছে ছিল চাকরির চেয়েও বেশি কিছু। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। যুক্তরাজ্যের রয়েল কলেজ অব নার্সিংও তার মৃত্যুতে শোক জানিয়েছে।

কেটির মৃত্যুর তিন দিনের মধ্যেই তার যমজ বোন এমাও সাউথ হ্যাম্পটন জেনারেল হাসপাতালে মারা যান। বোনের মতো এমাও নার্স ছিলেন। সাউথহ্যাম্পটন চিলড্রেন হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি ইউনিটে ৯ বছর কাজ করার পর ২০১৩ সালে নার্সিং ছেড়ে দিয়েছিলেন তিনি।  মহামারি আকারে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যের ৫০ জন নার্সের প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছে নার্সিং টাইমস।