২৪ ডিগ্রির নিচে এসি চালানো নয়

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২২:৩৬

করোনা ভাইরাস সংক্রমণকালে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। এখন গ্রীষ্মকালে যতই কালবৈশাখী হোক না কেন আবহাওয়া বেশ গরম। তাই বাড়িতে কিংবা অফিসে ঠান্ডা রুমের প্রশান্তি সবাই চাইবেন। কিন্তু এ সময় বেশি ঠান্ডায় থাকতে নিষেধ করছেন চিকিত্সকরা। কারণ এসি থেকে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, হাঁচি, কাশির আশঙ্কা থাকে।

‘ইন্ডিয়ান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনার ইঞ্জিনিয়ার্স’ এর বিজ্ঞানীরাও একই পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতিতে এসির তাপমাত্রা বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত রাখা উচিত এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা থাকতে হবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার চেয়ে কম বা বেশি তাপমাত্রা না রাখাই শ্রেয় বলে মত তাদের। এ-ও বলা হয়েছে, এসি চালানোর সময় দেখতে হবে আপেক্ষিক আর্দ্রতা যেন থাকে ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে।

বিশেষজ্ঞরা বলেছেন, এসি চালালে বাইরের তাজা হাওয়া ঘরে আসার জন্য অবশ্যই ঘরের জানালা ফাঁকা রাখতে হবে কিংবা এগজস্ট চালু রেখে বাইরের হাওয়া ঢোকার রাস্তাও খোলা রাখতে হবে। আর শুকনো খটখটে আবহাওয়ায় আপেক্ষিক আর্দ্রতাকে কিছুতেই ৪০ শতাংশের নিচে নামতে দেওয়া যাবে না। আর্দ্রতা তার নিচে নেমে গেলে ঘরে জলভর্তি একটা পাত্র রাখতে হবে। যাতে জল বাষ্পীভূত হয়ে আর্দ্রতার পরিমাণ বাড়াতে পারে। এ ছাড়া ঘরে পাখা চালানোর সময় জানালা একটু খুলে রাখতে বলা হয়েছে। কারণ শুষ্ক আবহাওয়ায় কোভিড-১৯ ভাইরাস দ্রুত ছড়ায় বলে মনে করা হচ্ছে।