সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামান আর নেই

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২২:৪৫

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক এমপি, বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান (৮৫) ঢাকার গুলশানের বাসায় শনিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন। খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। তার মেয়ে অপরাজিতা হক এমপি।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, খন্দকার আসাদুজ্জামানের প্রথম জানাজা শনিবার রাতে ঢাকার গুলশান বাসায় অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচিতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালের জুন মাসের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।