মুন্সীগঞ্জে ৭০ বছরের বৃদ্ধার করোনা জয়

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০০:৪৫

মুন্সীগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা করোনা জয় করেছেন। এত দুর্যোগেও এই আনন্দের খবরে খুশি সবাই। মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম বলেন, আত্মবিশ্বাসই মানুষকে অনেক কিছুই জয় করার সুযোগ সৃষ্টি করে। মরণব্যাধি করোনাকে জয় করার ঘটনাটি সবাইকেই বিশেষভাবে শক্তি যোগাচ্ছে। এটি অনুকরণীয় হতে পারে।

করোনা জয় করা এই নারী—সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের গীতা রানী পাল (৭০)। গত ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। ১০ এপ্রিল তার রিপোর্ট পজিটিভ আসে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান সন্ধ্যায় জানান, ঢাকায় না নিয়ে তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়। তিনি চিকিত্সা নিয়ে সুস্থ মনে করেন। পরে তার নমুনা আবার প্রেরণ করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। পরে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় শেষে আবার নমুনা পাঠানো হয়। দ্বিতীয়বারও রিপোর্ট নেগেটিভ আসে। ডব্লিওএইচও এবং আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী এই নারী এখন পুরোপুরি সুস্থ এবং করোনা মুক্ত। গ্রামের ৭০ বছরের বৃদ্ধা গীতা রানী পাল করোনা জয় করতে পেরেছেন।

গীতা রানী জানান, পরবর্তীতে তার এক পুত্রেরও করোনা শনাক্ত হয়। সেও হাসপাতালটির আইসোলেশনে আছেন। তারও একটি রিপোর্ট নেগেটিভ এসেছে। আরেকটি নেগেটিভ আসলে তাকেও সুস্থ ঘোষণা করা হবে। এছাড়া এই বৃদ্ধার পুত্রবধূরও করোনা শনাক্ত হয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিত্সা নিচ্ছেন। পুত্রবধূও ভালো আছেন।