রাতে ঢাকায় ঘুরে ঘুরে খাবার বিতরণ করছেন বিদিশা

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০০:৪৯

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও হতদরিদ্রদের মাঝে রাতে রান্না করা খাবার বিতরণ করছেন প্রয়াত প্রেসিডেন্ট এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।  প্রেসিডেন্ট পার্কের বাসায় নিজেই রান্না করে সেই খাবার প্যাকেট করে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থদের হাতে তুলে দিচ্ছেন। এর পাশাপাশি গতকাল শনিবার থেকে শুরু করেছেন বারিধারায় প্রেসিডেন্ট পার্কে ২০০ থেকে ৩০০ গরিব মানুষকে ইফতার খাওয়ানো। আবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় সেহরিও বিতরণ করছেন।

বিদিশা গতকাল ইত্তেফাককে জানান, গতকাল থেকে জাতীয় পার্টির (জাপা) গরিব নেতা-কর্মীদের বাসায়ও চাল, ডাল, তেল, আলু, চিনি, খেসাড়ির ডাল, পেঁয়াজ, ছোলা ও শরবতসহ বিভিন্ন খাদ্যপণ্য ও ইফতারসামগ্রী বিতরণ শুরু করেছেন। ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’-এর পক্ষ থেকে গতকাল থেকে প্রেসিডেন্ট পার্কে কয়েকশ দুস্থকে ইফতার খাওয়ানো শুরু করেছেন। যা চলবে পুরো রোজার মাস জুড়ে। ইফতার আয়োজনে তাকে সহযোগিতা করছেন রওশন এরশাদ ঘোষিত জাপার প্রেসিডিয়াম সদস্য ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সদস্য কাজী মামুনুর রশীদ। আর ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে রাতে ছিন্নমুল, অসহায়দের মাঝে নিজ হাতে রান্না করা খাবার বিতরণ করছেন ‘বিদিশা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে। গত ১৯ এপ্রিল থেকে শুরু করা তার এই কর্মসূচি চলবে ১০০ দিন।

বিদিশা আরো জানান, ‘বিদিশা আশ্রম’ উত্তরখানে ‘লাভ ইন্টারন্যাশনাল বৃদ্ধাশ্রমেও রান্না করা খাবার বিতরণ করেছে। তিনি আরো জানান, প্রয়োজনে নিজের গাড়ি-ফ্ল্যাট বিক্রি করে হলেও করোনার দুর্যোগকালে এসব কর্মসূচি তিনি অব্যাহত রাখবেন। পুত্র এরিক এবং লন্ডন প্রবাসী কন্যা ইসাবেলাও তাকে আর্থিকভাবে এ কাজে সহযোগিতা করছেন।