পাঁচবিবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৯:৩১

জয়পুরহাটের পাঁচবিবিতে সাথী আক্তার (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে শনিবার স্বামী মোস্তাফিজুর রহমানকে (২৮) আটক করেছে থানা পুলিশ। উপজেলার মোহাম্মদপুর ইউপির বাকিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর মা রওশনারা বেগম জানান, প্রায় আড়াই বছর আগে বাকিলা  গ্রামের মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। যৌতুকের দাবিতে মেয়েকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নিযার্তন করত জামাই ও তার পরিবারের লোকজন। মেয়ের সুখের কথা ভেবে ইতিপূর্বে ৫০ হাজার টাকা ও একটি গাভী যৌতুক হিসেবে দেয়া হয়। আরো টাকা না পেয়ে শুক্রবার রাতে আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঘরে ঝুলিয়ে রাখে জামাই ও তার পরিবারের লোকজন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক নির্যাতনে তার মৃতু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ।

ইত্তেফাক/এমআরএম