ইতালি প্রবাসী মো. ইসরাফিল বারি ও তার ভাই মো. লোকমান বারি ২৬ ভাড়াটিয়ার বাসা ভাড়া মওকুফ করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত মার্চ মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণ নির্মুল না হওয়া পর্যন্ত ২৬ ভাড়াটিয়ার নিকট থেকে বাসা ভাড়া নিবেন না বলে ভাড়াটিয়াদের জানিয়ে দিয়েছেন।
বাড়ির মালিকের এমন মহানুববতায় মুগ্ধ হয়েছেন ভাড়াটিয়ারা। ইসরাফিল বারি ও মো. লোকমান বারির পিতার নাম মঙ্গল আলী। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের বন্দ্য কাওয়ালজানি গ্রামে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়ের হোসে বলেন, করোনার দুর্যোগের সময়ে সরকার ও প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছেন অসহায়দের পাশে দাঁড়াতে। তেমনি ইসরাফিল বারী ও লোকমান বারীর ২৬ ভাড়াটিয়ার বাসা ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা যদি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করি তবেই দুর্যোগের এই সময়ে কারও কোন সমস্যা থাকবে না।
আজ রবিবার ইতালি প্রবাসি মো. ইসরাফিল বারীর বড় ভাই মো. লোকমান বারী জানান, সাভারের জিরানী এলাকায় তাদের ফ্লাট বাসা রয়েছে। বাসায় ২৬টি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত মার্চের প্রথম দিক থেকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ দেখা দিলে নিরাপত্তা দিক বিবেচনা করে সরকার গামের্ন্টসসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। কর্মহীন হয়ে পরেন নিম্ন আয়ের মানুষসহ চাকুরীজীবীরা। অর্থের অভাবে অনেক চাকুরীজীবী পরিবারও বাজার করতে পারছেন না। পরিবার পরিজন নিয়ে অধিকাংশ পরিবার চরম বিপাকে পরেছেন। যে যেখানে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তার উপর প্রতি মাসের ৫/৬ হাজার টাকা বাসা ভাড়া দেওয়া তাদের জন্য কষ্টের বোঝা হয়ে দাড়িয়েছে। ভাড়াটিয়াদের কষ্টের কথা বিবেচনা করে তাদের বাসা ভাড়া নেবেন না বলে ভাড়াটিয়াদের জানিয়ে দিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমনের মত দুর্যোগ শেষ না পর্যন্ত ভাড়াটিয়াদের বাসা ভাড়া মওকুফ করা হবে বলে লোকমান বারী জানিয়েছেন। ভাড়াটিয়াদের মহতী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ২৬ ভাড়াটিয়া ও তাদের পরিবার পরিজন।
এ ব্যাপারে ইতালি প্রবাসি ও ইতালির বাংলাদেশ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতালি টাঙ্গাইল জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি মো. ইসরাফিল বারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতালিতে ব্যবসার পাশাপাশি তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসাধারণকে নানা ভাবে সহযোগিত করে আসছেন। বাংলাদেশে এখন দুর্যোগ চলছে। দুর্যোগের এই সময়ে অসহায়দের পাশে দাড়ানো আমাদের প্রবাসিদের দায়িত্ব ও কর্তব্য। দায়িত্ব ও কর্তব্য থেকেই ২৬ ভাড়াটিয়ার বাসা ভাড়া মওকুফ করা হয়েছে। এছাড়া রমজান উপলক্ষে এলাকার দরিদ্রদের ইফতার সামগ্রীর পাশাপাশি চাল, ডাল, তেল, লবণ, পিয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্য তুলে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, ইতালি প্রবাসি মো. ইসরাফিল বারী ও তার ভাই মো. লোকমান বারী দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে বাসা ভাড়া মওকুফ করে দিয়েছেন এটা একটি মহতী উদ্যোগ ও মানবিকতার পরিচয় দিয়েছেন। তাদের মত সমাজের সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
ইত্তেফাক/আরকেজি
