একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সহায়ক পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, রবিবার অনুষ্ঠেয় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সরকার ও নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া নির্বাচনী সহিংসতা এবং বিভিন্ন প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মীদের হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ভীতিমুক্ত রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশের প্রতি গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সব রাজনৈতিক দল ও সকল পক্ষকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে আরো বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করতে সংগঠনের জ্যেষ্ঠ দুই কর্মীকে বাংলাদেশে পাঠিয়েছেন কমনওয়েলথের মহাসচিব। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তারা নির্বাচন পর্যবেক্ষণের পাশাপাশি বাংলাদেশের নির্বাচন কমিশন, নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন পক্ষ এবং ঢাকায় কমনওয়েলথের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
মহাসচিব কমনওয়েলথ সনদে স্বীকৃত জনগণের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে অবশ্যই তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কাজে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
