করোনা: ব্যায়াম ও হাঁটার অনুমোদন দিচ্ছে স্পেন

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৪:৫২

স্পেনীয়রা আগামী সপ্তাহ থেকে ব্যায়াম ও হাঁটার জন্যে বাইরে যেতে পারবেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানশেজ শনিবার এ কথা জানান।

করোনায় বিপর্যস্ত দেশটিতে কঠোর লকডাউন অব্যাহত রয়েছে। তবে লকডাউন ধীরে ধীরে শিথিলে এটি সর্বশেষ পদক্ষেপ।  

পেদ্রো সানশেজ বলেন, সরকার মঙ্গলবার সীমান্ত খুলে দেয়ার বিষয়ে পরিকল্পনা প্রকাশ করবে। এ পদক্ষেপ মে মাসের মাঝামাঝিতে কার্যকর হবে। 

করোনার বিস্তার ঠেকাতে  স্পেনে গত ১৪ মার্চ লকডাউন কার্যকর হয়। এ সময়ে কাউকে হাঁটা, ব্যায়াম কিংবা সাইকেল চালানোর মতো বিষয়গুলোতে অনুমোদন দেয়া হয়নি। শুধুমাত্র খাবার কিংবা ঔষুধ কেনার জন্যে বাইরে যাওয়ার অনুমতি ছিল।

সেইসঙ্গে কোন অবস্থাতেই শিশুদের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু রোববার থেকে শিশুদের এক ঘন্টার জন্যে বাবা অথবা মা একজনের সাথে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে, তারা এক কিলোমিটারের বেশি দূরে যেতে পারবে না।

স্পেনে চলতি সপ্তাহে জরুরি অবস্থা ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ধীরে ধীরে লকডাউন তুলে দেয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা হঠাৎ করেই সব কর্মকাণ্ড শুরু করতে পারবো না। ধাপে ধাপে করবো। 

স্পেনে ৩৬৭ জনের মৃত্যুর কথা জানানোর একদিন পর শনিবারের ঘোষণাটি আসলো। গত চার সপ্তাহে এটি ছিল সবচেয়ে কম মৃত্যুর ঘটনা।

ইত্তেফাক/এসআর