বগুড়ার আদমদীঘি উপজেলার পুলিশ কনস্টেবল আহসান হাবীব করোনাকে জয় করে অবশেষে বাড়ি ফিরে গেছেন। গত শনিবার (২৫ এপ্রিল) রাতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রংপুরের শাহ আলমের পর করোনা জয় করে বাড়ি ফিরলেন বগুড়ায় প্রথম আক্রান্ত এই ব্যক্তি। এর আগে গত শুক্রবার বগুড়ায় চিকিৎসাধীন রংপুরের শাহ আলমকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তথ্যগুলো জানিয়েছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল।
তিনি জানান, আহসান হাবীবের নমুনা পরীক্ষার ফলাফল পর পর দুইবার নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। গত ১৬ এপ্রিল রাত ৯টায় পুলিশ কনস্টেবল আহসান হাবীবকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যুর পর হরিলুট
জ্বর, সর্দি কাশি নিয়ে গত ১২ এপ্রিল তিনি ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে তার গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার নশরৎপুরে আসেন। পরদিন ১৩ এপ্রিল স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনা রাজশাহীতে পাঠানোর হয়। ১৬ এপ্রিল সন্ধ্যার পর পরীক্ষা রিপোর্টে ওই পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়। তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়। তবে সবার ফলাফল নেগেটিভ আসলেও আহসান হাবীবের নানা শ্বশুরের ফলাফল করোনা পজিটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।
বগুড়ায় এখন করোনায় আক্রান্ত ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/এসি

