স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাস মোকাবিলায় জাতীয় দলের ক্রিকেটারদের মতোই প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক দান করেছিলেন। তাদের পুরো অর্থই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) করোনা তহবিলে জমা হওয়ার কথা। গত ২ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছিল কোয়াব।
ঘোষণার পর অনেকদিন পার হয়ে গেলেও প্রথম শ্রেণির ক্রিকেটারদের অনুদান এখনও কোয়াবের অ্যাকাউন্টে জমা হয়নি। সাংবাদিকদের এমনটাই বলেছেন কোয়াবের সদস্য সচিব দেবব্রত পাল। তিনি বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটাররা মার্চ পর্যন্ত বেতন পেয়েছিল এবং তারা তাদের বেতনের অর্ধেক অনুদান দিতে চেয়েছিল, যা তারা এপ্রিলের বেতন থেকে দেওয়ার প্রত্যাশা করে। কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় সম্প্রতি বিসিবির হিসাবরক্ষকের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন শীঘ্রই তারা অনুদান আমাদের অ্যাকাউন্টে জমা দেবেন।’ বিসিবি প্রথম শ্রেণির ক্রিকেটারদের এপ্রিলের বেতন ছাড় দিলেই অনুদানের অর্থ জমা হবে কোয়াবের অ্যাকাউন্টে।
এছাড়া বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও আড়াই লাখ টাকার অনুদান দিয়েছে কোয়াবের তহবিলে। কোয়াবের অ্যাকাউন্ট ওয়ান ব্যাংকের ধানমন্ডি শাখায়, করোনার কারণে যেটি বন্ধ রয়েছে। তাই আকবর আলীদের অর্থও অ্যাকাউন্টে জমা হয়নি। তবে চলতি সপ্তাহেই এটি জমা হবে বলে আশা কোয়াবের সদস্য সচিবের।
অর্থ হাতে পাওয়ার পরই কোয়াবের কমিটি সিদ্ধান্ত নেবে কীভাবে এই অর্থ ব্যয় হবে, কীভাবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা করা হবে। দেবব্রত পাল বলেছেন, ‘আমরা প্রেস বিজ্ঞপ্তিতে যেমনটি বলেছি, আমরা করোনা ভাইরাস মহামারি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার চেষ্টা করব। আমরা যখন তহবিল পাব, আমরা কমিটির সদস্যদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব যে, কীভাবে আমরা কার্যকরভাবে জনগণকে সহায়তা করতে পারি।’
