পিরোজপুর অফিস ও ভাণ্ডারিয়া সংবাদদাতা
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল রবিবার ভাণ্ডারিয়া উপজেলায় করোনার কারণে কর্মহীন শ্রমজীবী ও দুস্থ-অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বিকালে ভাণ্ডারিয়া পৌর এলাকায় সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ করেন ভাণ্ডারিয়া পৌর প্রশাসক ও ইউএনও মো. নাজমুল আলম, পৌর কাউন্সিলর ও জেপি উপজেলা কমিটির সিনিয়র যুগ্মআহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক আফজাল সরদার, কলেজ ছাত্র সমাজের আহ্বায়ক অন্তু সরদার প্রমুখ। পৌর এলাকার সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলো প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। এর আগে উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এ ইউনিয়নের কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ত্রাণসামগ্রী বিতরণ করেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান চৌধুরী, ভা্লারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, দুস্থ কল্যাণ সংস্থার নারী নেত্রী মাহিনুর রুবী, সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী, যুব সংহতির নেতা সুজন তালুকদার প্রমুখ।
উপজেলার নদমুলা-শিয়ালকাঠি ইউনিয়নের কর্মহীন মানুষের মধ্যে সন্ধ্যার আগে সংস্থার উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। নদমুলা বাজার সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জেপির যুগ্মআহ্বায়ক শফিকুল কবির তালুকদার বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন তালুকদার, জেপি নেতা মেজবাহ উদ্দিন জোমাদ্দার আরিফ, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন সেপাই প্রমুখ। দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল থেকে পিরোজপুর-২ সংসদীয় এলাকার ভাণ্ডারিয়া, ইন্দুরকানী ও কাউখালীতে সপ্তাহব্যাপী দ্বিতীয় দফায় এ ত্রাণসামগ্রী বিতরণ শুরু হলো।
