আমার এক ঘনিষ্ঠজন ২৯ মার্চ থেকে ১৩ এপ্রিল একটানা ১৬ দিন গৃহবন্দি ছিলেন। আত্মীয়স্বজন, ভাইবোন বা পাড়াপড়শি কাউকে ঘরে পর্যন্ত ঢুকতে দেননি। এখন দিনকে দিন পরিস্থিতি যত ভয়ঙ্কর হচ্ছে, তাঁর সচেতনতা ততই যেন কমছে। বাইরে যাচ্ছেন আড্ডা দিতে বা বাজার করতে, বাচ্চারাও যাচ্ছে পাশের ফ্ল্যাটে বা ছাদে খেলতে। অথচ এখন আমাদের প্রয়োজন সর্বোচ্চ সচেতনতা। এই সময়ে রাস্তাঘাট, বাজার, মহল্লার চায়ের দোকান বা বাড়ির ছাদের পরিবেশ দেখলে মনে হয় না ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমরা। স্বাস্থ্য বিভাগ বলছে, স্বাস্থ্যবিধি না মানলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তাই নিজেকে, নিজের পরিবারকে সর্বোপরি দেশকে নিরাপদ রাখতে হলে এই মুহূর্তে ঘরে থাকার কোনো বিকল্প নেই।
নাজমুল হক
ডিএনসিসি খ ৬২, শাহজাদপুর,
গুলশান, ঢাকা ১২১২
