স্যার ফজলে হাসান আবেদের ৮৪তম জন্মবার্ষিকী আজ

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:১১

ব্র্যাকের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উন্নয়ন ব্যক্তিত্ব স্যার ফজলে হাসান আবেদের ৮৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জের বানিয়াচং গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বেই ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড়ো বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দিবসটি পালনে ব্র্যাক আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। করোনা ভাইরাস প্রতিরোধে দেশ জুড়ে চলমান ব্র্যাকের সচেতনতা ও দরিদ্রদের খাদ্যসহায়তা কার্যক্রমের মাধ্যমেই সংস্থাটি তার প্রতিষ্ঠাতাকে স্মরণ করবে। এই সহায়তা কার্যক্রমে যুক্ত রয়েছে ১ লাখেরও বেশি স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্র্যাক এ তথ্য জানিয়েছে।

ফজলে হাসান আবেদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ইংল্যান্ডে গিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে ‘অ্যাকশন বাংলাদেশ’ এবং ‘হেলপ বাংলাদেশ’ নামে দুটি সংগঠন গড়ে তোলেন। একাত্তর সালের ডিসেম্বরে ফজলে হাসান আবেদ সদ্য স্বাধীন দেশে ফিরে আসেন। এ সময় লন্ডনে তার ফ্ল্যাট বিক্রির অর্থ দিয়ে ত্রাণ কাজ শুরু করেন। মুক্তিযুদ্ধকালে সিলেটের শাল্লা অঞ্চলকে কর্ম-এলাকা হিসেবে বেছে নেন তিনি। এই কার্যক্রমের ধারাবাহিকতায় ব্র্যাক গড়ে তোলেন। ফজলে হাসান আবেদ ২০১০ সালে দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের সম্মানজনক ‘নাইটহুড’ উপাধি লাভ করেন।  এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।