মিষ্টি তৈরি বন্ধ, দুধের দাম কম

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:১৪

করোনা আতঙ্কে স্থানীয়ভাবে মিষ্টি ও দুগ্ধজাত খাদ্যদ্রব্য উত্পাদন বন্ধ হয়ে গেছে। তাই দুধের দাম নেমেছে প্রায় অর্ধেকে। কমে গেছে আয়। বেড়েছে খাদ্যের দাম। শ্রমিকের মজুরি বেড়েছে। এমনি অবস্থায় ধামরাইয়ে বিপাকে পড়েছে খামারি ও গরু পালনকারীরা। উপজেলার ছোট কালামপুরস্থ আদিয়া ডেইরি খামারের মালিক আব্দুল আহাদ জানান, তার খামারে ছোটোবড়ো মিলিয়ে দুর্লভ জাতের ২০টি গরু রয়েছে। ব্যাংক ও এনজিও থেকে তার নিজের এবং স্ত্রীর নামে উঠানো ঋণের টাকা বিনিয়োগ করেছেন ঐ খামারে। উত্পাদিত দুধ বিক্রি করে খামারের যাবতীয় ব্যয় মিটানোর পর প্রতিদিন তিনি লাভের মুখ দেখতেন। কিন্তু করোনা তাকে বিপাকে ফেলে দিয়েছে। লাভের পরিবর্তে এখন প্রতিদিন তাকে লোকসান গুনতে হচ্ছে। এমনি অবস্থা চলতে থাকলে বড়ো ধরনের ক্ষতির সম্ভাবনা দেখছেন তিনি। ঋণের বোঝা মাথায় নিয়ে চরম হতাশা, উদ্বিগ্নতা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তার।