ত্রাণের চাল চুরি থামছেই না

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:৪১

দরিদ্র ও কর্মহীন শ্রমজীবী মানুষকে সহায়তার জন্য দেওয়া সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি থামছেই না। গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ৬৪৮ বস্তা চাল জব্দ করেছে। এসব ঘটনায় আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য, মিল মালিকসহ ৯ জনকে আটক করা হয়েছে। এদিকে ফেনীতে ত্রাণের চাল চাওয়ায় রাজমিস্ত্রিকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে।

সিলেট অফিস জানায়, জকিগঞ্জের কালীগঞ্জ বাজারে রবিবার সকালে ৫৭০ বস্তা  সরকারি  চাল আটক করে জনতা। খবর পেয়ে পুলিশ ট্রাকভর্তি চালসহ ছয় জনকে আটক করেছে। জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে উপজেলার কসকনকপুর, মানিকপুর ও বারঠাকুরি ইউনিয়নে ডিলারের মাধ্যমে ১০ টাকা দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রির কথা ছিল; কিন্তু পারস্পরিক যোগসাজশে আত্মসাতের উদ্দেশ্যে কয়েক জনের ব্যক্তিগত দোকানে নেওয়া হয়েছিল চাল। কালীগঞ্জ বাজারের হোসেন অ্যান্ড সন্সের সামনে নামানোর সময় বাজারের  ক্রেতা-বিক্রেতা ও উপস্থিত জনতা ট্রাকভর্তি চাল আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার খাসেরা গ্রামের জয়নুল আহমদ (২৭), উত্তর আইওর গ্রামের আবদুল মুকিত, ট্রাকচালক কামরুল ইসলাম (২৭), হেলপার সাইফ উদ্দিন (৩০) এবং চাল চুরির অভিযোগে নগরকান্দি গ্রামের দেলোয়ার হোসেন (২৯) ও  দেওযানচকের বিপ্লব আহমদকে (২৮) পুলিশ আটক করেছে।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও টিসিবির বিপুল পরিমাণ পণ্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ডিলার মো. আবুল বাশার (৬৫) র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ডিলারশিপ বাতিল করে জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারের গুদাম ঘরে অভিযান চালিয়ে এসব চাল ও পণ্য উদ্ধার করা হয়। বাবুল বাশারের পিতার নাম মৃত রেজু দেওয়ান, গ্রামের বাড়ি জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া-গোড়ান গ্রামে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা গত শনিবার রাতে কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা বাজারে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দকৃত ২৫ বস্তা চাল উদ্ধার এবং মাহাতির রাইস মিলের মালিক হাজী আবদুর রহিমকে (৫০) গ্রেফতার করেছে। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার লোহাজরিকান্দা গ্রামে। র্যাব সদস্যরা প্রথমে হাজী আবদুর রহিমের রাইস মিল ও সংলগ্ন মুরগির খামারে অভিযান চালিয়ে ২১ বস্তা চাল উদ্ধার এবং তাকে আটক করে। এসময় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯টি খালি বস্তাও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, এই চাল ডুমরাকান্দা বাজারের ডিলার সাইফুল ইসলাম রতনের কাছ থেকে সে কিনেছে।

শরীয়তপুর প্রতিনিধি জানান, গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। চাল কম দেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য মোফাচ্ছের ব্যাপারিকে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে পালিয়েছেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান। পুলিশ ৫৩ বস্তা চাল জব্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ত্রাণ চাওয়ায় মারধর

ফেনী প্রতিনিধি জানান, সরকারি ত্রাণের চাল চাওয়ায় আবুল কাশেম নামের এক রাজমিস্ত্রিকে পৌর কাউন্সিলর মনির আহম্মদ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম রামপুর মেহেদী সাঈদী জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।