বড়লেখায় করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির গ্রাম লকডাউন

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২৩:০০

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছেন। গত শনিবার (২৫ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। করোনা আক্রান্ত ওই যুবক (৩৫) সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন। শনিবার রাত দুইটার দিকে আক্রান্ত ওই ব্যক্তির গ্রাম লকডাউন করেছে বড়লেখা উপজেলা প্রশাসন। আজ রবিবার দুপুরে একজন পল্লী চিকিৎসকসহ ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামের ওই যুবক জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। শনিবার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। এরআগে জ্বর-কাশি নিয়ে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন। একজন পল্লী চিকিৎসক তাকে চিকিৎসা দেন। শনিবার রাত দুইটার দিকে আক্রান্ত ওই ব্যক্তির গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদ্বীপ বিশ্বাস, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক প্রমুখ উপস্থিতি ছিলেন। দুপুরে আক্রান্ত ব্যক্তির পরিবার, আশপাশের বাসিন্দা ও একজন পল্লী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। জ্বর-কাশিসহ নিয়ে আক্রান্ত ব্যক্তি স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। নমুনা সংগ্রহের পাশাপাশি ওই চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 

স্থানীয়ভাবে জানা গেছে, গত ৮ এপ্রিল দক্ষিণভাগ ইউনিয়নের সমনভাগ চা বাগান এলাকায় দুই ব্যক্তি ঢাকা থেকে আসেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এছাড়া গত কয়েকদিনে আক্রান্ত ব্যক্তির গ্রাম কাশেমনগর ও আশপাশের এলাকায় কয়েকজন গাজীপুর ও নারায়নগঞ্জ থেকে আসেন। যারা গার্মেন্টেসে কাজ করতেন। তারা গোপনে এলাকায় আসেন ও আসার তথ্যটি গোপন রাখেন। এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয়দের ধারণা ঢাকা-নারায়নগঞ্জসহ আশপাশ এলাকা ফেরতদের থেকে ওই ব্যক্তি আক্রান্ত হতে পারেন। আক্রান্ত ব্যক্তি সমনভাগ চা বাগান বাজারে চা, ছোলা ও পিঁয়াজু বিক্রি করতেন।

 


ইত্তেফাক/এএম