করোনা মোকাবিলায় ঢাকার পথে চীনের মেডিক্যাল টিম

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০০:৩৯

নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় চীনের মেডিক্যাল টিম বাংলাদেশের পথে রয়েছে। এই টিমে রয়েছে করোনা বিষয়ে চীনের বিশেষ চিকিত্সক দল, নার্স ও টেকনিশিয়ান। গতকাল রবিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক বার্তায় এ তথ্য জানান।

মুসলিম বিশ্বের পবিত্র ধর্মীয় মাস রমজান উপলক্ষ্যে তিনি সবাইকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তায় সারা বিশ্বের চলমান করোনা দুর্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, এই দুর্যোগ মোকাবিলায় চীন তার বন্ধুদেশ বাংলাদেশের পাশে রয়েছে। করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।

তিনি বলেন, এর আগে গত ২২ ফেব্রুয়ারি দ্রুত করোনা শনাক্ত করতে চীন সরকার বাংলাদেশকে ৫০০ কিট দিয়েছিল। ঐ সময় থেকে চীনের সরকারসহ বিভিন্ন পর্যায়ের সংস্থা ও সামাজিক সংগঠন বাংলাদেশকে করোনা মোকাবিলায় সহযোগিতা করে আসছে। চীনের জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশন এরই মধ্যে এই সংকট মোকাবিলায় প্রচুর পরিমাণ চিকিত্সা সরঞ্জাম দিয়েছে। এছাড়া এই দুর্যোগে বাংলাদেশের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চীন ত্রাণসহায়তা পাঠিয়েছে বলে জানান তিনি।