নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল র্যাবের জালে দুই প্রতারক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:২৮

নারীর সাথে এক ব্যবসায়ীর আপত্তিকর ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করতে গিয়ে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে দুই প্রতারক। সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি আরকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সামনে থেকে অভিযান চালিয়ে র্যাব-১১ এর একটি টিম শুক্রবার রাতে তাদের গ্রেফতার করে। তাদের নাম মোঃ আবু বকর সিদ্দিক ওরফে নাদিম (৩০) ও মোঃ হারুনুর রশীদ ওরফে লিটন (৩২)। লুণ্ঠিত একটি মোটর সাইকেল এ দুইজনের কাছ থেকে উদ্ধার করেছে র্যাব।

র্যাব জানায়, মোঃ মনিরুজ্জামান ওরফে লাবলু (৩৭) একজন ডাইং ব্যবসায়ী। ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার কথা বলে মোঃ মমতাজ উদ্দিন গত ২৫ ডিসেম্বর লাবলুকে ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ আইইটি স্কুলের সামনে তার নিজের তিন তলা বাড়িতে ডেকে নিয়ে যায়। বাবলু বাড়ির ২য় তলায় পৌঁছলে অজ্ঞাতনামা এক মেয়ে সিঁড়ি দিয়ে নেমে বাবলুর কাছে মমতাজ উদ্দিনের কথা জানতে চায়। তাত্ক্ষণিকভাবে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি ২য় তলায় উঠে মেয়েটির সাথে মনিরুজ্জামান ওরফে লাবলুর অবৈধ সম্পর্ক আছে বলে বাবলুকে চড় থাপ্পর, কিল-ঘুষিসহ এলোপাতারি মারধর করে। এক পর্যায়ে তারা বাবলুর মানিব্যাগে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বাবলুর পরিধেয় কাপড় চোপড় খুলে ফেলে। একইসাথে অজ্ঞাতনামা মেয়েটি তার পরিহিত কাপড় খুলে বাবলুকে জোরপূর্বক জড়িয়ে ধরে, এসময় মেয়েটির সাথে থাকা লোকগুলো মোবাইল ফোনের মাধ্যমে দুজনের ছবি তোলে ও এ দৃশ্য ভিডিও করে। পরবর্তীতে অজ্ঞাতনামা ওই তিন ব্যক্তি এবং মেয়েটি বাবলুকে প্রাণনাশের হুমকি দেয় ও তোলা ছবি ইন্টারনেটে ছেড়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবে, এমন ভয়ভীতি দেখিয়ে তার কাছে নগদ ২ লাখ টাকা দাবি করে। তারা বাড়ির নিচে রাখা বাবলুর মোটরসাইকেলটিও জোরপূর্বক রেখে দেয়। এ ঘটনা উল্লেখ করে বাবুল গত ২৭ ডিসেম্বর রাতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জে অভিযোগ করেন। পরে র্যাব-১১ এর বিশেষ টিম সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গত শুক্রবার রাতে বাবলুর মোটরসাইকেলটি উদ্ধার করে ও ঘটনায় জড়িত দুজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করে যে, তারা একটি পেশাদার অপহরণকারী ও প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে কিছু নারী সদস্য রয়েছে যাদের দ্বারা তারা অভিনব কায়দায় সুকৌশলে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও পেশাজীবীদের অপহরণ করে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব।