কাশ্মীরে নতুন সন্ত্রাসবাদী সংগঠনের উত্থান

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৮:০৫

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে নতুন করে সন্ত্রাসবাদী সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে। যার নাম ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ (টিআরএফ)।

এই সংগঠন আসলে লশকর-ই-তৈয়বার নতুন সংস্করণ। কাশ্মীরের এই সংগঠনের প্রথম খোঁজ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেহরিক-ই এজাদী নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি পরিচালনা করা হয়। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে ভারতীয় নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয় এবং উস্কানিমূলক প্রচার চলে। প্রায়ই সেখানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সন্ত্রাসবাদীদের ছবি পোস্ট করে শহিদ আখ্যা দিয়ে প্রতিশোধের শপথ নেওয়া হয়।

জানা গিয়েছে, ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ইসলামাবাদ থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর পোস্ট করা হয় আইফোন থেকে। কাশ্মীরে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর ইন্টারনেট সংযোগ চালু হলে পোস্টের সংখ্যা বাড়তে থাকে।

ভারতের সন্ত্রাস দমন বিভাগের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, গত দুই দশকে কাশ্মীরে স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

দ্যা ডেইলি গার্ডিয়ান নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়, সন্ত্রাসবাদী নতুন এই সংগঠনটি ইসলামাবাদ ভিত্তিক। গত বছরের আগস্টে সংগঠনটির ফেসবুক পেজে ইসলামাবাদে ভারতবিরোধী বিক্ষোভের আহ্বান জানানো হয়েছিল।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ওই অঞ্চলকে কেন্দ্রশাসিত হিসেবে ঘোষণা করে ভারত সরকার।

তারপরই গত বছরের ১২ অক্টোবর শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেয় টিআরএফ। 

১৫ দিন পরে আর একটি বিস্ফোরণে এক সাধারণ নাগরিকের মৃত্যুর পরেও ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয় ওই সংগঠন।

ইত্তেফাক/জেডএইচ