কামারখন্দে পৃথক অভিযানে ১৪শ ৪০ কেজি সরকারি চাল উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৯:১৩

সিরাজগঞ্জের কামারখন্দে পৃথক অভিযানে ৩৬ বস্তায় ১ হাজার ৪৪০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও কামারখন্দ থানা। 

সোমবার (২৭ এপ্রিল) উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল উত্তরপাড়ার রফিকুলের বাড়ী থেকে ১০ বস্তায় ২শ’ ৯০ কেজি সরকারি চাল উদ্ধারসহ রুবি (৩৫) নামের এক নারী চাল ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রুবি ঝাঐল উত্তরপাড়ার আব্দুর রাজ্জাকের প্রথম স্ত্রী।

এ ব্যাপারে কামারখন্দ সার্কেলের সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঝাঐল উত্তরপাড়ার রফিকুলের বাড়ীর একটি ঘর থেকে ১০টি বস্তায় ২শ’ ৯০ কেজি সরকারি চাল ও ৫৪টি সরকারি মোড়কের খালি বস্তা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সরকারি চাল মজুদকারী নারী ব্যবসায়ী রুবির বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে রফিকুল চাল মজুদের সাথে জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রুবি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুনঃ উমর আকমলকে নিষিদ্ধ ঘোষনা করলো পিসিবি

এদিকে রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সরকারি চাল উদ্ধার ও সোলেমান নামে এক বেপারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, বেপারী সোলেমানের বাড়ীতে সরকারি চাল মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার একটি ঘরে থাকা সরকারি ভিজিডির ২৬ বস্তায় ১১শ’ ৫০ কেজি চাল জব্দ করা হয় এবং ব্যক্তি স্বার্থে সরকারি চাল মজুদ করায় সোলেমান বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/এমএএম