করোনা ভাইরাসের প্রকোপ
স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের প্রকোপে থমকে আছে ক্রিকেট বিশ্ব। ফলে, আর্থিক মুখে পড়ছে ক্রিকেট বোর্ডগুলো। এই সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
পিছিয়ে থাকা বোর্ডগুলোর ক্ষতি পোষাতে তাই বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। আইসিসির আয়ের বড়ো অংশ আসে বিসিসিআই থেকে। সেজন্য সংকট মোকাবেলায় বিসিসিআইই সবচেয়ে বড়ো ভূমিকা রাখবে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে বোর্ডের এক কর্মকর্তা।
তিনি বলেন, ‘আমরা জানি, অল্প সময়ে দেশে সফর করতে পারবে না ভারত। কিন্তু এক্ষেত্রে নির্ধারিত সিরিজগুলোতে আরো কিছু ম্যাচ যোগ করা যেতে পারে। বিসিসিআই এটা নিয়ে ভাবছে। এর মাধ্যমে অন্যান্য বোর্ডগুলোকে বর্তমান ক্ষতি থেকে কিছুটা পুষিয়ে উঠতে সাহায্য করা যাবে। অতিরিক্ত ম্যাচের থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ দেয়া হবে সফরকারী দলকে।’ বিসিসিআই মনে করে, প্রতিটি ম্যাচ থেকে সফরকারী দলকে ৬০ লাখ রুপি করে দেওয়া সম্ভব।
বিসিসিআই মনে করছে, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সকল রাস্তা কার্যত বন্ধ। ঐ কর্মকর্তা বলেন, ‘অক্টোবরের মধ্যেই টুর্নামেন্টের আটটি ভেন্যু বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়ে উঠবে? অংশ নিতে যাওয়া ১৬টি দেশের সরকার তাদের দলকে বিশ্বকাপে পাঠাবে? ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ভেন্যু প্রস্তুত হবে না বলে ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফর বাতিল করতে চায়, সেখানে কী করে বিশ্বকাপ হয়। বিশ্বকাপের ভেন্যু এই সময়ে তৈরি হবে বলে মনে হয় না।’
