পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে হবে। খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি প্রবাসী কর্মীরা যেন পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের চাকরিতে পুনর্বহাল হতে পারে সেজন্য সব ধরনের কূটনৈতিক তত্পরতা গ্রহণ করতে হবে।
গতকাল সোমবার মধ্যপ্রাচ্যের ১১ রাষ্ট্রদূত ও মিশনপ্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এই নির্দেশনা দেন তিনি। সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূত এবং মিশনপ্রধানগণ এই কনফারেন্সে অংশ নেন।
পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের উদ্দেশ্যে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কেউ ফেরত যদি আসে—তবে তারা যেন ন্যায্য বেতন ও ভাতা পেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তত্পরতা অব্যাহত রাখতে হবে। প্রবাসী বাংলাদেশিদের দুর্দশাগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এসময় তিনি সব প্রবাসীকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সব বৈদেশিক মিশনের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
