গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের সাতকোয়া এলাকায় ঐ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। নিহত রবিউল ইসলাম রবুর (৩২) বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা ছিল দাবি করেছে র্যাব। সে সাতকোয়া এলাকার মো. মানিক মিয়ার ছেলে।
র্যাব-১ এর এএসপি মো. কামরুজ্জামান জানান, রবিবার রাত ১টার দিকে একদল মাদক ব্যবসায়ী পূবাইলের সাতকোয়া এলাকায় মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে র্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা অভিযানের বিষয়টি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। র্যাবও আত্মরক্ষার্থে পালটা গুলি করলে রবিউল ইসলাম রবু গুলিবিদ্ধ হয়। পরে পালিয়ে যায় পাঁচ-ছয় সহযোগী। সন্ত্রাসীদের গুলিতে র্যাব সদস্য কামরুল ইসলাম আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রবু।
