পথশিশুদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার দাবি

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২২:৪৫

করোনা ভাইরাস থেকে পথশিশুদের সুরক্ষার দাবি জানিয়েছে পথশিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)। সংগঠনের নেতারা বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী যখন সব মানুষ ঘরে, তখন আমাদের দেশের পথশিশুরা দল বেঁধে ঘুরছে, টার্মিনালসহ বিভিন্ন স্থানে জটলা করছে, পাশাপাশি ঘুমাচ্ছে। এ ছাড়া লকডাউন পরিস্থিতিতে তারা চরমভাবে খাদ্যসংকটে রয়েছে। পথশিশুরা যেমন করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে, তেমন তাদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কাও রয়েছে বহুলাংশে। এ অবস্থায় করোনা ভাইরাস থেকে এসব সুবিধাবঞ্চিত পথশিশুকে সুরক্ষার দাবি জানিয়েছে ‘এএসডি’।

গতকাল সোমবার পাঠানো এক বিবৃতিতে এএসডির নির্বাহী পরিচালক জামিল এইচ. চৌধুরী এ দাবি জানান। তিনি আরো বলেন, করোনা ভাইরাস মহামারিতে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ঝুঁকিতে রয়েছে পথশিশুরা। ক্রমশ পথশিশুদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এই মহামারি পরিস্থিতিতে পথশিশুদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। না হয় তারা করোনায় আক্রান্ত হতে পারে। করোনা সংক্রমণ সম্পর্কে পথশিশুদের কোনো ধারণা নেই। এজন্য জরুরি ভিত্তিতে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

জামিল এইচ. চৌধুরী বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে এসব পথশিশুদের নিরাপদ স্থানে রাখা জরুরি। বর্তমান পরিস্থিতিতে পথশিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সরকার এনজিওদের সঙ্গে সমন্বয় করে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।