করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি তার দেশে করোনা ভাইরাসে দ্বিতীয় দফা আক্রান্তের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এখনই লকডাউন শিথিল করা উচিত হবে না। এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ও মৃত্যু ২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।
কাজে ফিরলেন বরিস
প্রধানমন্ত্রী বরিস জনসন কাজ থেকে দূরে থাকায় ক্ষমা চেয়েছেন। যারা যারা দেশের সংকটে এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন অনেক সংকট নিয়ে আসছে এই ভাইরাস। যেকোনো যুদ্ধ ছাড়া এটাই সবচেয়ে বড়ো সংকট বলে উল্লেখ করেন তিনি।
গতকাল কাজে যোগ দিয়েই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাঙ্গণে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস। এসময় করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকির কথা তুলে ধরে তিনি সতর্ক করে বলেন, এমনটি হলে শুধু যে আরেক দফা মৃত্যুর মিছিল শুরু তাই নয়, তা হবে অর্থনৈতিক বিপর্যয়ও।
লকডাউন প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রী জনসন বলেন, আমি আপনাদের ধৈর্য হারানোর বিষয়টি বুঝতে পারি, আপনাদের মতো আমিও উত্কণ্ঠিত। আপনাদের তাড়াহুড়োর বিষয়টিও বুঝতে পারছি। সরকারও চাইছে দ্রুত সবকিছু খুলে দিতে। কিন্তু তবু আমাদের দ্বিতীয়বার ভাইরাসের সংক্রমণের কথা বিবেচনা করতে হবে। ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে। এমনটি হলে শুধু মৃত্যুর মিছিল ও রোগ আসবে তা নয়, তা হবে অর্থনৈতিক বিপর্যয়ও। এটি সর্বোচ্চ ঝুঁকির সময়। তিনি লকডাউন কখন কীভাবে শিথিল করা হবে সেই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বলে জানান। এরই মধ্যে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও হ্রাস পেয়েছে। দেশটিতে মৃত্যু ২১ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্ত দেড় লাখ অতিক্রম করেছে।
বিশ্বে আক্রান্ত ৩০ লাখ ছাড়াল
গতকাল পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ লাখ ৪৩ হাজার ও মৃত্যু ২ লাখ ১০ হাজার অতিক্রম করেছে। সুস্থ হয়েছে ৯ লাখ ১৫ হাজার ৭৪১ জন। যুক্তরাষ্ট্রে ৫৬ হাজার ১৭৫ জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে। আক্রান্ত প্রায় ১০ লাখ। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে চিকিত্সা সরঞ্জাম পাঠাবে। এগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক।
অনলাইনে নিরাপত্তা পরিষদের সম্মেলন
করোনা ভাইরাসের ঝুঁকি থাকায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সম্মেলন অনলাইনে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, অনলাইনে সম্মেলনের বিষয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র সম্মতি দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই অনলাইনে শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছিলেন। সম্মেলনে বিশ্ব শক্তিগুলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন তারা।
ফের সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
করোনা ভাইরাসের মহামারি শেষ হতে অনেক সময় লাগবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ বাড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। গতকাল সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, মহামারির কারণে স্বাভাবিক স্বাস্থ্য সেবা বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সেবা বিঘি্নত হওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
ভারতে লকডাউন নিয়ে মতবিরোধ
ভারতে এখন যে দ্বিতীয় দফার লকডাউন চলছে, সেটা ৩ মে’র পরেও বাড়ানো হবে কি-না তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভিন্নমত দিয়েছেন। মোদি ইঙ্গিত দেন, দেশের যে এলাকাগুলোই এরই মধ্যে করোনা ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত হয়েছে সেখানে ৩ মে’র পরেও লকডাউন তুলে নেওয়া সম্ভব হবে না। আর বাকি যেসব এলাকায় লকডাউন শিথিল করা হবে, সেখানেও মাস্ক পরা আর ‘দো গজ দূরি’ (ছয় ফিট দূরত্ব) বজায় রাখা জীবনযাত্রার অপিরহার্য অংশ করে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ঐ বৈঠকে বক্তব্য রাখেন ভারতের ৯টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। যার মধ্যে পাঁচজন ৩ মে’র পর লকডাউন অবসানের ও বাকি চার জন লকডাউন জারি রাখার পক্ষে মত দেন।
