জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয় বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচরের দুটি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও চাউল বিতরণ করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকালে কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে কাঁঠালবাড়ি ২নং ওয়ার্ডে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের মাঝে ও দুপুরে চরজানাজাত ইউনিয়নে ৭২টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে নগদ দুই হাজার টাকা ও ১০ কেজি চাউল বিতরণ করেন।
এ সময় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান সরকার, প্যানেল চেয়ারম্যান মালেক তালুকদারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, চীফ হুইপ স্যারের নির্দেশে ঝড়ের এক দিন পরেই ক্ষতিগ্রস্ত কাঁঠালবাড়ি ও চরজানাজাত ইউনিয়নের ১১৩টি পরিবারকে নগদ টাকাসহ চাল প্রদান করা হয়েছে। এই পরিবার গুলোকে পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সাহায্য সহযোগিতা করা হবে।
এদিকে করোনা থেকে মুক্তির পর সুস্থ হয়ে ফেরা পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুরে চীফ হুইপের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের মাঝে খাবার সহায়তা পৌঁছে দিচ্ছে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, পাঁচ্চর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হাওলাদার ও অনন্য নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এমআর
