শিবচরে প্রাইভেট পড়তে গিয়ে শিশু ধর্ষণের শিকার 

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৮:৩২

মাদারীপুরের শিবচরে প্রাইভেট পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে পূর্ব সন্নাসিরচর ইউনিয়নের আদুখার কান্দি গ্রামে ওই শ্লীলতাহানির ঘটনা ঘটে।

শ্লীলতাহানির শিকার স্কুল ছাত্রীকে গুরুতর অবস্থায় সন্ধ্যায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।

শিবচর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকালে পূর্ব সন্নাসিরচর ইউনিয়নের আদুখার কান্দি গ্রামের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী পাশের বাড়ির শিক্ষক আবু সাঈদের কাছে প্রাইভেট পড়তে যায়। ওই সময় শিক্ষক আবু সাঈদ নামাজ পড়তে মসজিদে যান। প্রাইভেট শিক্ষকের ছোট ভাই সাব্বির হোসেন শেখ (১৭) নিজের ঘর খালি পেয়ে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। সাব্বির পূর্ব সন্যাসিরচর ইউনিয়নের আদু খার কান্দি গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. নাহিদা আফরোজ জানান, সন্ধ্যার পরে এক স্কুল ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে ঘটনার পর পরই স্থানীয় ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরীভাবে রাতে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুটিকে রাতেই সরকারী হাসপাতালে প্রেরণ করেছি। আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই।

ইত্তেফাক/এমআর