ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আল-আমিন এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে তার নমুনা সংগ্রহ করেছে। নমুনার ফলাফল পেলে তার করোনা ছিল কিনা জানা যাবে।
আল-আমিন উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের বাসিন্দা। পেশায় সে একজন রিকশাচালক ছিলেন।
আল আমিনের চাচা মো. আলকাস মিয়া জানান, আল আমিন বেশ কিছুদিন যাবত গলায় টনসিলের সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা নিয়ে সে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে তার জ্বর ও কাশি দেখা দেয়। এমন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, হাসপাতাল থেকে আল আমিনের মৃত্যুর বিষয়টি জানানো হলে পুলিশের উপস্থিতিতে তার কাফন ও দাফন সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে তার বাড়ির আশপাশের সকল বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
