ভাঙ্গুড়ায় প্রথম করোনা শনাক্ত: ৩০ জনের নমুনা সংগ্রহ, আক্রান্ত ২

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:০৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রথম বারের মত দুই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন মন্ডুতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের আলম ফকির (৩২) এবং তার স্ত্রী শাকিলা খাতুন (২৭)। জানা গেছে এরা দুইজনই পোশাক কারখানার শ্রমিক। আজ থেকে ১২দিন পূর্বে তারা গাজীপুর থেকে বাড়ি ফিরে আসেন। তখন থেকেই তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৩০ ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে দু’জন আক্রান্ত পাওয়া গেছে। ওদের শরীরে হালকা জ্বর থাকায় সন্দেহমূলক ভাবে কয়েকদিন আগে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছিল। সেখানে পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত হতে ঢাকা আইইডিসিআর-এ নমুনা পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে সেখান থেকেও কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় আক্রান্ত আলম ফকিরের সাথে ফোনে কথা বললে তিনি জানান, তারা ১২ দিন হলো হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে এখন পর্যন্ত তাদের শরীরে জ্বর, সর্দি, কাশি বা বুকে ব্যথার মত কোনো উপসর্গই দেখা দেয়নি। এ জন্য তারা করোনায় আক্রান্ত এ কথা মানতে রাজি নয়।

এ প্রসঙ্গে ডা. হালিমা খানম বলেন, আগামী বৃহস্পতিবার ১৪দিন শেষ হবার পর তাদের শরীর থেকে আবারো নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে। তখন নেগেটিভ রিপোর্ট পাওয়া গেলে তারা কোভিড-১৯ মুক্ত বলে বোঝা যাবে। ততক্ষণ পর্যন্ত তারা ঘরেই হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এ ছাড়া ইতোমধ্যে আলম ফকিরের সংস্পর্শে আসায় তার বাবা মাকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি নিশ্চিত হবার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছি। সেই সঙ্গে আক্রান্তদের প্রয়োজনীয় খাবার সরবরাহ ও চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।

ইত্তেফাক/আরএ