লক্ষ্মীপুর-৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে শনিবার মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক মারা গেছে।
এ ঘটনায় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ওই যুবক মহাজোটের কর্মী বলে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা।
জানা গেছে, সদর উপজেলার বড়ালিয়া গ্রামের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এ সময় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হন। এর কিছুক্ষণ পর পাশ্ববর্তী একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুন : উৎসাহ উদ্দিপনায় সারাদেশে ভোট গ্রহণ শুরু
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহসানুল কবির রিপন জানান, সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত ও ছাত্রলীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।
ইত্তেফাক/ইউবি

