কবরস্থান নিয়ে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের সংঘর্ষ, আহত ৮

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২০:৩৬

সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়নের দক্ষিণ জোড়পুকুর এলাকায় একটি কবরস্থানের সীমানা নিয়ে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ে সংঘর্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। 

এদিকে সংঘর্ষকে কেন্দ্র করে দিনভর উভয় সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজমান ছিল। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের শান্ত থাকার আহ্বান করেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাধাইনগর এলাকায় আদিকাল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন বসবাস করে আসছেন। তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। প্রায় একদশক আগে বেশ কিছু পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ঐ সময় তাদের কররস্থানটিও ভাগাভাগি করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। 

আরও পড়ুনঃ অসুস্থ হয়ে পড়েছেন রুহুল কবির রিজভী

খ্রিস্ট সম্প্রদায়ের নেতা ধীরেন্দ্র নাথ মাস্টার অভিযোগ করেন, ডা. সুশীল ও হিতেন্দ্র নাথ টপ্যর নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের ৩০/৩৫ জন লোক এসে তাদের সীমানার বেড়া জোর করে তুলে প্রাচীর নির্মাণের চেষ্টা করে। এ সময় আমরা বাঁধা দিতে গেলে সংঘর্ষ লেগে যায়। এতে সুমন সাউড় (২১), সুনীল এক্কা (৪০), সুরবালা আইন্দ (৭০), শান্তি সাউড় (৬০), এলেমদা তির্কিসহ (৫০) তাদের আটজন আহত হয়।

অপরদিকে ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা পরিতোষ টপ্য পাল্টা অভিযোগ করেন, কবরস্থান হিন্দু সম্প্রদায়ের রের্কডভুক্ত সম্পত্তি। এর বাইরে কিছুটা সরকারি খাস সম্পত্তি রয়েছে। আমরা আমাদের সীমানার চার ফুট রেখে প্রাচীর নির্মাণ করতে গেলে তারা পরিকল্পিত হট্টোগোল সৃষ্টি করে। 

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম দৈনিক ইত্তেফাককে বলেন, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের সংঘর্ষের ঘটনায় খ্রিস্টান সম্প্রদায় থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। 

ইত্তেফাক/এমএএম