রাঙামাটির কাউখালিতে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মো. বাছির উদ্দিন (৩৬) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
রবিবার সকালে কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মো. বাছির উদ্দিন কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি কাশখালী গ্রামের আবদুর রশিদের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, সকালে রাঙ্গীপাড়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বাছিরসহ ১১ জন আহত হন। বাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন : সারাদেশে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অন্যায়ভাবে আওয়ামী লীগ নেতাকর্মীর উপর হামলা করেছে।’
ইত্তেফাক/ইউবি

