বেতাগীতে হঠাত্ ডায়রিয়ার প্রকোপ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:৩০

এক জনের মৃত্যু

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বেতাগীতে করোনার আতঙ্কের মধ্যে হঠাত্ শুরু হয়েছে ডায়রিয়ার প্রকোপ। এতে করে হিমশিম খাচ্ছেন বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সকরা। এদিকে গত ২৬ এপ্রিল বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ছোটো কেওড়াবুনিয়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। আব্দুল আজিজ জানান, আগের দিন ডায়রিয়ায় আক্রান্ত হলে স্ত্রীকে পাশের কমিউনিটি ক্লিনিক থেকে খাবার সেলাইন নিয়ে খাওয়ান তিনি। গভীর রাতে প্রকোপ বৃদ্ধি পেলেও কোনো গাড়ি না থাকায় হাসপাতালে না নিতে পাড়ায় বিনা চিকিত্সায় তার মৃত্যু হয়। বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তেন মং জানান, ঋতু পরিবর্তনের ফলে গত কয়েক দিন ধরে লোকজন ডায়রিয়া ও পেটের পীড়াজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। খাবার স্যালাইনের সংকট না থাকলেও কলেরা স্যালাইনের সংকট ছিল। তবে সে সংকট অন্য উপায়ে সমাধান করা হয়েছে।