পাবনার বেড়া উপজেলায় গতকাল মঙ্গলবার দুলাল প্রামাণিক (৪৫) নামের এক দিনমজুরকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত এক যুবক। হত্যাকারী যুবকের নাম হীরা মিয়া (৩০)। ঘটনার সময় নিহত দিনমজুর আরো কয়েক জন শ্রমিকের সঙ্গে ঐ যুবকের চাচার বাড়িতে ইট ভাঙার কাজ করছিলেন। ঠিক কী কারণে তাকে হত্যা করেছে তার কোনো কারণ জানা যায়নি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে হাঁটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের দুলাল প্রামাণিকসহ কয়েক জন দিনমজুর জগন্নাথপুর গ্রামের আব্দুর রশিদের বাড়িতে ইট ভাঙতে যান। ইট ভাঙার কাজ চলার সময় সকাল ১০টার দিকে হঠাত্ করেই বাড়ির মালিকের ভাতিজা হীরা মিয়া একটি হাঁসুয়া নিয়ে সেখানে উপস্থিত হন। কোনো কিছু বোঝার আগেই তিনি হাঁসুয়ার হাতল দিয়ে দুলাল প্রামাণিককে পেটাতে থাকেন। এ সময় অন্য শ্রমিক শাহজাহান আলী (৬৫) বাধা দিতে গেলে হীরা তাকেও পেটান। হীরার নির্দয় পিটুনিতে এক পর্যায়ে দুলাল প্রামাণিক লুটিয়ে পড়লে হীরা পালিয়ে যান। লোকজন দুলাল প্রামাণিককে উদ্ধার করে সকাল ১১টার দিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। এ দিকে এ ঘটনায় মারপিটের শিকার শাহজাহান আলীও আহত হয়েছেন।
