শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে এক জেলের কারেন্ট জালে একটি বিরল প্রজাতির ডলফিন গত সোমবার ধরা পড়েছে। ডলফিনটির ওজন প্রায় ৩০ কেজি। পরে ডলফিনটি নদীতে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা মত্স্য বিভাগ জানায়, ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা নদীতে এই প্রথমবার ডলফিন ধরার ঘটনা ঘটল। অবশ্য এখানে অনেক শুশুকের দেখা মেলে। কাঁচিকাটা ইউনিয়নের বাসিন্দা জেলে মোস্তফা মোল্লা বলেন, সোমবার সকালে নদীতে জাল ফেলার পর আমরা কয়েক জন মিলে জালটি তুলতে পারছিলাম না। বড়ো মাছ ভেবে অনেক কষ্ট করে জাল তোলার পর ডলফিনটি দেখতে পাই। তবে আমরা এটাকে শুশুকের বাচ্চা মনে করেছিলাম। ভেদরগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, বর্তমানে নদীগুলোতে এ প্রজাতির ডলফিনের খুব একটা দেখা মেলে না।
