সাংবাদিক হুমায়ুন কবীর খোকন আর নেই

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০০:৫০

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন (৫০) আর নেই। মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য। তার মৃত্যু সম্পর্কে দীর্ঘদিনের সহকর্মী ও বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ বলেন, তিন দিন ধরে জ্বর, কাশি ও গলা ব্যথার উপসর্গ নিয়ে তিনি মহাখালীর বাসায় চিকিত্সাধীন ছিলেন। মঙ্গলবার বিকালে তার অবস্থার অবনতি হলে রিজেন্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে দ্রুত আইসিইউর ব্যবস্থা করা হয়। বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। রাত ১০টার দিকে চিকিত্সকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি ইন্তেকাল করেন। উত্তরা রিজেন্ট হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, তার শরীরে করোনার উপসর্গ ছিল। করোনা টেস্ট হওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক আমাদের সময় পত্রিকার তিনি ছিলেন সিনিয়র রিপোর্টার। সেখান থেকে তিনি পদোন্নতি হয়ে বিশেষ প্রতিনিধি এবং পরে ঐ পত্রিকার উপসম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। গত বছর তিনি নতুন পত্রিকা সময়ের আলোতে প্রধান প্রতিবেদক হিসাবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ঐ পত্রিকার নগর সম্পাদক হিসাবে পদোন্নতি লাভ করেন।

হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। ডিআরইউ কার্যনির্বাহী কমিটির এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।