বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এমন ভয়াবহ অবস্থার মধ্যেই মাস্ক না পরেই একটি হাসপাতাল পরিদর্শনে গেলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মায়ো ক্লিনিক পরিদর্শনে যান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সেখানে তার সঙ্গে থাকা অন্যান্যরা মাস্ক পরলেও তিনি তা পরেননি। এদিকে মায়ো ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, তাদের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আগেই মাস্ক পরার বিষয়ে বলা হয়েছিল। মাস্ক পরার বিষয়ে জানতে চাইলে মাইক পেন্স বলেন, আমার সঙ্গে যারা ছিল তারা কেই করোনায় আক্রান্ত নন। তাই মাস্ক পরা হয়নি।
সংবাদমাধ্যম এক্সিওস জানায়, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখনো একবারও জনসম্মুখে মাস্ক পরে আসেননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মাইক পেন্সের এক সহযোগীই মার্চের শেষের দিকে হোয়াইট হাউজের সদস্যদের মধ্যেহ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন যে তার মাস্ক পরার কোন পরিকল্পনা নেই।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হোয়াইট হাউজের করোনা ভাইরাসে টাক্সফোর্সের নেতৃত্বেও রয়েছেন। ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ৫৯ হাজার ২৬৬ জন।
ইত্তেফাক/এআর
