যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িতে দুই দফা হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় তাকেও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার বেলা পৌনে ১১টার দিকে শহরের বারান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এর এক ঘণ্টা পর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দফা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। প্রথম হামলার ঘটনাটি রিটার্নিং অফিসারকে জানাতে গিয়ে তাকে না পেয়ে কন্ট্রোল রুমে জানানো হয়।
অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, বেলা পৌনে ১১টার দিকে শহরের বারান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যাই। সেখানে সীমাহীন অনিয়ম দেখেছি। ব্যালট পেপারে অগ্রিম সাক্ষর করা রয়েছে। আমি প্রিসাইডিং অফিসারকে বলেছি, আপনি এভাবে আগেই সাক্ষর করে রাখতে পারেন না।
আরো পড়ুন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে : সিইসি
তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্রের ভিতর নৌকার সমর্থক নারীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে আমি বলেছি আপনি কেন্দ্রের ভিতর এ কাজ করছেন কেন। তখন তিনি চড়াও হন। এ সময় এক যুবক এসে আমাকে ধাক্কা মেরে গাড়িতে তোলার চেষ্টা করে। একপর্যায়ে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। গাড়ি ভাঙচুর করা হয়েছে।
নির্বাচনী আসনে বেশিরভাগ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে দেয়া হয়নি। তারা কেন্দ্রের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ ভোটারদের বলছে, তোমরা কেন ভোট দিতে এসেছো। আমি যত কেন্দ্রে গিয়েছি, সেখানে বোমা নিক্ষেপ করা হয়েছে। আমি নিজেই ১৩টি কেন্দ্র পরিদর্শন করেছি।
এদিকে অনিন্দ্য ইসলাম অমিত প্রথম ঘটনাটি কন্ট্রোল রুমে জানিয়ে হামলার শিকার গাড়িটি নিয়ে পুনরায় কেন্দ্র পরিদর্শনে বের হন। বেলা ১২টার দিকে তিনি ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অভ্যন্তরে গেলে সামনে থাকা গাড়িটি পুনরায় ভাঙচুর করা হয়। বেলা সাড়ে ১২টায় অমিত মোবাইলে ইত্তেফাককে বলেন, দ্বিতীয় হামলার ঘটনাটি প্রশাসনকে জানানোর পর পুলিশ তাকে প্রটেকশন দিচ্ছে। বর্তমানে তিনি পুলিশের প্রটেকশন নিয়ে কেন্দ্র পরিদর্শন করছেন।
ইত্তেফাক/এএম

