ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের মরদেহ দাফন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার রাজা চাপিতলা গ্রামের ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে তার বাবার কবরের পাশে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, সাংবাদিক সহকর্মী, সুহৃদ ও শুভাকাঙ্খী রেখে গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও পড়ুনঃ এপ্রিলে গার্মন্টসে কাজ না করা শ্রমিকরা পাবে বেতনের ৬০ শতাংশ
বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের জানাজা অনুষ্ঠানে অংশ নিতে এলাকার সর্বস্তরের লোকজনের আগ্রহ থাকলেও করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে জানাজা শেষ করে দ্রুততম সময়ে দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুরাদনগর আসনের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়া কুমিল্লা, মুরাদনগর ও বাঙ্গরাবাজার থানা এলাকায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সদা হাস্যোজ্জল ও বিনয়ী হিসেবে সুপরিচিত খোকন দৈনিক সময়ের আলোর আগে দৈনিক আজকের কাগজ, মানবজমিন, দৈনিক মাতৃভূমি, আমাদের সময়, আমাদের অর্থনীতিসহ বিভিন্ন গণমাধ্যমে বেশ সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।
ইত্তেফাক/ এমএএম
