মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপাত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজনের পায়ের রগ কর্তনসহ তিনজন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, হোগলাকান্দি গ্রামের ধন মিয়ার ছেলে মো: শাহিন(৩৫), নূর জালালের ছেলে রাসেল সিকদার(২৮) ও আরিফ সিকদারের ছেলে ইমন সিকদার(২৫)। বর্তমানে আহতদেরকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসিরা জানান, ত্রান সামগ্রী বিতরণ নিয়ে কয়েক দিন যাবত আতাউর রহমানের ছেলে জাহিদ গ্রুপের সাথে একই এলাকার আবু কালামের ছেলে শেখ ফরিদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সেই সূত্রধরে বুধবার বিকালে শেখ ফরিদ গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায় জাহিদ গ্রুপ। এসময় বাঁধা দিতে আসলে সন্ত্রাসীরা শাহিনের পায়ের রগ কেটে দেয়। তার চিৎকারে রাসেল ও ইমন বাঁধা দিতে আসলে তাদেরকেও কুপিয়ে ও টেটার আঘাতে আহত করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে পালিয়ে যায়।
ঘটনার সত্যত্বা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/ এমএএম
