বদরগঞ্জে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেফতার

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৩৫

দুই পুলিশ কনস্টেবল ক্লোজড

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের বদরগঞ্জে চুরি মামলার আসামি হাতকড়াসহ পালানোর ২৩ ঘণ্টা পর বুধবার আবার গ্রেফতার হয়েছে। তার নাম মাহমুদ হাসান চৌধুরী (২৫)। এদিকে কর্তব্য অবহেলার কারণে দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। সোমবার একটি চুরি মামলায় পুলিশ মাহমুদ হাসান চৌধুরীকে গ্রেফতার করে। পরদিন বদরগঞ্জ থানার কনস্টেবল কামাল পাশা ও দেলোয়ার হোসেন একটি ইজিবাইকে করে তাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হন। এক পর্যায়ে কৌশলে হাতকড়াসহ সে পালিয়ে যায়। বুধবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা বাজার থেকে তাকে হাতকড়াসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এদিকে কর্তব্যে অবহেলার কারণে ঐ দুই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী।