রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নগর ভবন চত্বরে ১৪টি সংগঠনের ৪ হাজার ২৬৪ সদস্যের মাঝে ২০ হাজার কেজি চাল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে মেয়র বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে কর্মহীন ও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় দুই দিনে রাজশাহীতে ৩৩টি পেশাজীবী সংগঠনকে চাল প্রদান করা হলো। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি ও ব্যক্তিগতভাবে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। মেয়র আরো বলেন, সরকারের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। তাই খাদ্য সংকট নিয়ে উদ্বিগ্ন হবেন না।
জানা গেছে, বুধবার সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়ন, ক্ষুদ্র ভিডিও ব্যবসা সমিতি, মহানগর স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন, উইমেন এন্টারপ্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন, সেলুন কর্মচারী ইউনিয়ন, মহানগর হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক লীগ, দর্জি শ্রমিক ইউনিয়ন, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি, শালবাগান বাজার ব্যবসায়ী সমিতি, দূরপাল্লার বাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন, ঢাকা বাসটার্মিনাল শ্রমিক সমিতি, রেল স্টেশন কুলি সমিতি, নৌকা-মাঝি শ্রমিক লীগ, শাহ্ মখদুম সমাজসেবা সোসাইটির সদস্যরা উপহার পেয়েছেন।
অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ. রহমতুল্লাহ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসআই
