করোনা উপসর্গ নিয়ে রামেকে ভর্তি ১৬, নতুন আক্রান্ত ৭

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৫১

করোনা ভাইরাসে উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি  ১২ জনকে মিশন হাসপাতালে এবং চারজনকে রামেক হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়েছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মিশন হাসপাতালে ভর্তি ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। গাইনি সমস্যা ও করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে ভর্তি কিশোরীকে নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এ পর্যন্ত ভর্তি ১৪০ জনের নমুনায় একজনের পজেটিভ এসেছে। যিনি মারাও গিয়েছেন।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবে আরও সাতজনের নমুনা করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে দেখা যায়, রাজশাহীতে তিন ও বগুড়ায় চারজনের নমুনা পজেটিভ। রাজশাহী ল্যাবে পজেটিভ তিনজনের একজন নাটোরের এবং দু’জন পাবনার। বগুড়া ল্যাবে পজেটিভ চারজনের তিনজন জয়পুরহাটের ও একজন বগুড়ার বলে জানা গেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভাগের আট জেলায় ১০৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেলো। এর মধ্যে রাজশাহীতে ১৩, চাঁপাইনবাবগঞ্জে দুই, নওগাঁ জেলায় ১৭, নাটোরে ১০, জয়পুরহাটে ৩১, বগুড়া জেলায় ১৮ জন, সিরাজগঞ্জে দুইজন ও পাবনায় ১০ জন।

ইত্তেফাক/বিএএফ